নিজস্ব প্রতিবেদক | ১০ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ফিরে পেয়েছেন ডা. তাসনিম জারা। রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে তিনি তার প্রার্থিতা পুনরুদ্ধার করেন।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে কমিশন ডা. তাসনিম জারার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ৫ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এ উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি আপিল বুথ স্থাপন করা হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী নিজে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।





