জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এতে শুটার পলাতক ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের নাম উল্লেখ রয়েছে।
ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে থাকা ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেপ্তার এবং পাঁচজন পলাতক।
হাদির হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়েছে। হত্যাকাণ্ডে পলাতক ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছে। ফয়সাল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।
ওসমান হাদিকে ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলি করা হয় এবং তিনি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২০ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারা সংযোজনের নির্দেশ দেন।





