বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও ডিজিটাল আইডি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) freelancers.gov.bd প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ডিজিটাল প্ল্যাটফর্মের ভিএপিটি (Vulnerability Assessment & Penetration Testing) সফলভাবে সম্পন্ন হয়েছে, যা নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করেছে।
নতুন ডিজিটাল আইডি কার্ড পাওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সাররা সরকারি ও বেসরকারি ব্যাংকিং সেবা, ঋণ, ক্রেডিট কার্ড সুবিধা, প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। এটি দেশের ফ্রিল্যান্সারদের পেশাগত মর্যাদা ও আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা আরও বাড়াবে।
এছাড়া, এই প্ল্যাটফর্ম জাতীয় ফ্রিল্যান্সার ডাটাবেস হিসেবেও কাজ করবে। এতে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা, কাজের ধরন ও বাজার প্রবণতা সংরক্ষিত থাকবে, যা নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিজিটাল অর্থনীতি, আত্মকর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের ক্ষেত্রে এটি একটি কৌশলগত জাতীয় পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ফ্রিল্যান্সিং সেক্টরকে নিরাপদ, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার পথে আরও এক ধাপ এগোনো হলো।





