২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার

উত্তরাঞ্চল নয়, সিলেট থেকেই কি শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী সফর?

নিজস্ব প্রতিবেদক | ১০ জানুয়ারি ২০২৬

ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনের অনুরোধে সফরটি স্থগিত হওয়ার পর প্রশ্ন উঠেছে—তাহলে কি তারেক রহমানের নির্বাচনী সফর শুরু হচ্ছে সিলেট থেকেই?

রোববার থেকে উত্তরবঙ্গ সফরের কথা থাকলেও একদিন আগে শুক্রবার রাতে তা স্থগিতের ঘোষণা দেয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশনের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের সভা-সমাবেশ বা ভোট চাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় এই সফর বাতিল করা হয়।

উত্তরাঞ্চল সফর স্থগিতের পরদিন শনিবার ঢাকায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। সেখানে তিনি জানান, আগামী ২২ জানুয়ারি থেকে তিনি দেশের মানুষের কাছে তার রাজনৈতিক ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তুলে ধরবেন।

তিনি বলেন, “সামনে নির্বাচন। একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে স্বাভাবিকভাবেই আমরা আমাদের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবো।”

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পরই আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবে রাজনৈতিক দলগুলো। দলীয় সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি সিলেট থেকে তারেক রহমানের সফর শুরু হতে পারে। অতীতেও বিএনপি ও আওয়ামী লীগসহ বড় রাজনৈতিক দলগুলো সিলেটে শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে আসছে।

উল্লেখ্য, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর ঘোষণার পর জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে অভিযোগ জানায়। সেই প্রেক্ষাপটেই সফর স্থগিত করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ ও সামাজিক উন্নয়ন নিয়ে দলের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন